পাকিস্তান সুপার লিগে বোলিংয়ে পুরনো ঝলক দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। দারুণ অভিষেকের পর গত ম্যাচেও করেছেন নিয়ন্ত্রিত বোলিং। স্লোয়ার, কাটার, সুইংয়ে ব্যতিব্যস্ত রাখছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। তবে মোস্তাফিজের বোলিং দুর্দান্ত হলেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হেরেই চলেছে তার দল লাহোর কালান্দার্স।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে করাচি কিংস। রবি বোপারার ৫০ ও কলিন ইনগ্রামের ২৮ রানে ১৫৯ রানের লড়াকু পুঁজি পায় দলটি। জবাবে ১৩২ রানে গুটিয়ে যায় মুস্তাফিজুরের লাহোর কালান্দার্স। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম।
করাচি কিংসের বিপক্ষে ৪ ওভার বোলিংয়ে মেডেন নিয়েছেন ১টি। রান খরচ করেছেন মাত্র ২২। আর উইকেট পেয়েছিলেন প্রথম স্পেলের প্রথম বলেই। আর এই ম্যাচেও তার বোলিংয়ে ডট বলের সংখ্যা দুই অঙ্কে ছুঁয়েছে। প্রথম ম্যাচে ১৪ ডট বল দেওয়া মুস্তাফিজ আজ ডট বল করেছেন ১৩টি।
মুস্তাফিজের মতোই বল হাতে দ্যুতি ছড়িয়েছেন সুনীল নারিন। ডানহাতি এ স্পিনার ৪ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট। এ ছাড়া লাহোরের অন্যান্য বোলাররা ছিলেন বেহিসেবী। সোহেল খান ৪৫, শাহেন শাহ আফ্রিদি ৩৯ ও ইয়াসির শাহ ২৫ রান ব্যয় করেন।
কিন্তু এত কিছুর পরেও একটিই হতাশা। ব্যাটিং ব্যর্থতায় টানা তিন ম্যাচ হারল মুস্তাফিজদের দল। যেন পরাজয়ের নিগড় থেকে বের হতে পারছে না তার দল।













