লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে রবিবার রাতে ডান পায়ে ব্যাথা পেয়েছিলেন নেইমার। আর এর ফলেই চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব-১৬ এর দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পিএসজি তারকা নেইমারের। বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
জানা গেছে,ডান পায়ে ব্যাথা পাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে, নেইমারের পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। এর ফলে নেইমারের ফিরতে আরো কতদিন সময় লাগবে সেটা নিশ্চিত করে জানায়নি পিএসজি। তবে, এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত এক মাস বা তার বেশি সময় লাগে।
সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। পিএসজির ঘরের মাঠে আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচ। ওইদিন ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌঁনে দুইটায়।













