দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন ধরনের কমিশন গঠন, সংসদীয় স্থায়ী কমিটি শক্তিশালী করা ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেছেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনভুক্ত (সিপিএ) দেশের সংসদ সদস্যরা। এ ক্ষেত্রে সংসদ সদস্য তথা সংসদকে আরো সক্রিয় করার ওপর তার জোর দেন
ঢাকায় অনুষ্ঠেয় সিপিএর ৬৩তম সম্মেলনে অংশগ্রহণকারী সংসদ সদস্যরা গতকাল শুক্রবার রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে এক সেমিনারে এসব সুপারিশ তুলে ধরেন।
সম্মেলনের আরেক বৈঠকে নারীর ক্ষমতায়নে ধারাবাহিক কর্মসূচি রাখার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কর্মপরিকল্পনা গ্রহণসহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে।
তা ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এই সম্মেলন থেকে সংসদীয় কূটনীতিকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন সিপিএ চেয়ারপারসন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সম্মেলন চলাকালে হোটেল রেডিসন ব্লুর মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সিপিএর সদস্য দেশগুলোর সংসদে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা ও জনমত তৈরিতে সংসদীয় কূটনীতি সহায়ক হবে। এ জন্য আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) আগত অতিথিদের উপস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একটি বিশেষ সংবাদ সম্মেলন করবেন। যেখানে রোহিঙ্গা সমস্যার সর্বশেষ তথ্য এবং কিভাবে এ সমস্যাটির দ্রুত স্থায়ী সমাধান করা যায়, সে বিষয় তুলে ধরা হবে।
ড. শিরীন শারমিন জানান, সমস্যা সমাধানে সদস্য দেশগুলো সংসদ ও সংসদ সদস্যদের সহায়তাও চাওয়া হবে।
এ ছাড়া বিষয়টি সম্মেলনের ষষ্ঠ দিনে একটি পর্বে উপস্থাপন করা হবে।
স্পিকার আরো বলেন, রোহিঙ্গা ইস্যুটি বর্তমানে শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন। সেটি বিশ্ব জনমত তৈরিতে সক্ষম হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্বনেতাদের বেশির ভাগই একমত হয়েছেন। তিনি আরো বলেন, সিপিসিতে অংশগ্রহণকারী সংসদ সদস্যরা সম্মেলন শেষে নিজ নিজ দেশের সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবেন; যাতে বিশ্ব জনমত গঠনে সহায়ক হবে।
এদিকে সম্মেলনের তৃতীয় দিনে উৎসব হলে সিপিএ স্মল ব্রাঞ্চের কনফারেন্স চলছিল। সেখানে ‘দ্য রোল অব পার্লামেন্ট ইন কমব্যাটিং করাপশন’ শীর্ষক সম্মেলনে দুর্নীতি প্রতিরোধে সংসদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ওই সেমিনারের প্রস্তাব ও সুপারিশমালা তুলে ধরেন সেমিনারের সমন্বয়ক যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত অঞ্চল আইল অব ম্যানের স্পিকার জন পটারসন। সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরার সময় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ উপস্থিত ছিলেন।
সেমিনারে জন পটারসন বলেন, রাষ্ট্র, রাজনীতি ও সম্প্রদায় থেকে যেকোনো মাত্রায় দুর্নীতি দূর করতে আইন প্রণয়ন ও আইনি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে পার্লামেন্টকে অবশ্যই কার্যকর ভূমিকা রাখতে হবে। সরকারের সব ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রায় স্বচ্ছতা আনতে এবং দুর্নীতির সংস্কৃতির বিপরীতে নীতি প্রণয়নে সংসদ সদস্যদের একমত হতে হবে। দুর্নীতি প্রতিরোধে প্রতিষ্ঠান স্থাপন, এসব প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে আইনি কাঠামো প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় বিধির কার্যকর অনুসরণ নিশ্চিত করতে পার্লামেন্ট কার্যকর ভূমিকা পালন করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জন পটারসন বলেন, দুর্নীতি প্রতিরোধে সংসদসহ অন্য প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। দুর্নীতি প্রতিরোধকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিতে হবে। তাদের প্রতি জনগণের আস্থা নিশ্চিত করতে হবে। সংসদ সদস্যরা এ বিষয়ে দৃষ্টান্ত রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে সম্মেলনের প্রতিনিধি অস্ট্রেলিয়ার লেবার পার্টির এমপি মার্গারেট কোয়ার্ক কালের কণ্ঠকে বলেন, ‘দুর্নীতি দমনে সংসদগুলো কী ধরনের ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে আমি বেশ কিছু সুপারিশ তুলে ধরেছি। সুপারিশগুলোর মধ্যে তথ্যের অবাধ প্রবাহ, দুর্নীতি নির্মূলে সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালন, সরকারি ও অন্য প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি প্রতিরোধমূলক প্রশিক্ষণ দান অন্যতম। তা ছাড়া সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ রাজনীতিবিদদের নৈতিক আদর্শ নিশ্চিত করার জন্য তাঁদের সচেতনমূলক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার প্রস্তাব করেছি। ’
একই বিষয়ে নেভিস আইল্যান্ডের এমপি ফেরেল স্মিথেন বলেন, দুর্নীতি দমনের জন্য সংসদ সদস্যরা যা করছেন তার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি বন্ধে আগে এমপিদের দুর্নীতিমুক্ত থাকতে হবে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সিপিএ সদস্য দেশগুলোর একত্রে কাজ করার প্রস্তাব করেছে সিপিএ স্মল ব্রাঞ্চ। গত দুই দিনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সম্মেলনের মূল অধিবেশনে এই প্রস্তাব অনুমোদন ছাড়াও এ বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্মল ব্রাঞ্চের কর্মকর্তারা।
এ বিষয়ে স্মল ব্রাঞ্চের ‘ফিন্যানশিয়াল এবং হিউম্যান রিসোর্স চ্যালেন্স’ শীর্ষক সেমিনারের সমন্বয়ক অস্ট্রেলিয়ার দ্বীপরাষ্ট্র ক্যাপিটাল টেরিটরির সংসদ সদস্য ক্রিস স্টিল সাংবাদিকদের বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আমাদের জন্য বড় সংকট। এটা মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ছোট দেশগুলোর মধ্যে কারিগরি ও মানবসম্পদকে উৎপাদনশীলতায় পরিণত করতে ছোট ও বড় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। ’
সম্মেলনে ‘চ্যালেঞ্জ অব প্রটেকটিং টেরিটরিয়াল ওয়াটার্স’ শীর্ষক অন্য এক সেমিনারে পানিদূষণ নবায়নযোগ্য জ্বালানিব্যবস্থা নিশ্চিতে সংসদকে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে। সংসদ সদস্য তানজীর ইমাম কালের কণ্ঠকে জানান, অতিরিক্ত মত্স্য আহরণ, চুরি করে মত্স্য শিকার, আবাসস্থল ধ্বংস, দূষণ ও জলবায়ু পরিবর্তনের মতো অন্যান্য হুমকি থেকে সম্পদকে নিরাপদ রাখতে সংসদকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের সদস্যরা। তাঁরা সংসদকে আঞ্চলিক জলরাশির গুরুত্ব নির্ধারণ এবং প্রাকৃতিক পরিবেশ সমুন্নত রেখে নবায়নযোগ্য জ্বালানিব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
নারীর ক্ষমতায়নে ধারাবাহিক কর্মসূচি : নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার নিয়ে কাজ করছে সিপিএভুক্ত সংগঠন কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানস (সিডাব্লিউপি)। বৃহস্পতিবার দিনব্যাপী তারা নানা ইস্যু নিয়ে আলোচনা করেছে। সিডাব্লিউপি প্রতিনিধিরা শুক্রবার জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন। পরে তাঁরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অন স্টপ ক্রাইসিস সেন্টারে (অসিসি) যান। সেখানে রোগীদের সঙ্গে কথা বলেন। তাঁরা জাতীয় সংসদের নেওয়া মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধসহ বাংলাদেশের সামগ্রিক নারী উন্নয়নে নেওয়া প্রকল্পগুলো নিয়ে সংসদ ভবনে বৈঠক করেন।
এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কালের কণ্ঠকে জানান, নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সফলতা ওই সব কর্মসূচিতে ব্যাপক প্রশংসিত হয়েছে। কিন্তু সংসদে নারী-পুরুষের সমতার ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এটা শুধু বাংলাদেশ নয়, অধিকাংশ দেশের একই অবস্থা। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জনগণকেও সচেতন করা প্রয়োজন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, দুপুরে সিডাব্লিউপিকে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ। সভায় হুইপ মাহবুব আরা গিনিসহ সরকারি ও বিরোধীদলীয় নারী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার ইত্যাদির বিষয়ে সংসদীয় কার্যক্রম উপস্থাপন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
আজ পৌঁছবেন সব প্রতিনিধি : সম্মেলনে অংশগ্রহণকারী সব প্রতিনিধি আজকের মধ্যে ঢাকায় পৌঁছবেন বলে সিপিএ কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা জানান, সিপিএভুক্ত ৫২টি সদস্য দেশের মধ্যে ৪৪টি কেন্দ্রীয় এবং ১৮০টি প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারসহ প্রায় ৬০০ সংসদ সদস্য সম্মেলনে অংশ নেবেন। আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনকে সামনে রেখে গতকাল সকাল থেকে সিপিএ নির্বাহী কমিটির বৈঠক শুরু হয়েছে। আজও এ বৈঠক চলবে। নির্বাহী কমিটির বৈঠকে গৃহীত কর্মপরিকল্পনা সম্মেলনের মূল অধিবেশনে













